মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
‘আলোকিত সমাজ গড়তে আমরা ঐক্যবদ্ধ' এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়,দুস্থ, গরীব ও কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'গুড বন্ডিং অর্গানাইজেশন'।
শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ ইসলামাবাদ দাশের বাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কয়েকটি গ্রামের দেড় শতাধিক অসহায়, দুস্থ, গরীব ও কর্মহীন মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, সংগঠনটি ২০১৮ সালে একঝাঁক উদ্যম তরুণরা প্রতিষ্ঠা করে। এই সংগঠনটি প্রতিবছরই ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছে।ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- পেয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছনা, মুড়ি, খেজুর,চাল,ডাল ইত্যাদি। সংগঠনের পক্ষ থেকে করববাসী ও এলাকার মানুষদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ভূঁইয়া বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি আলোকিত সমাজ গড়তে চাই। যেখানে ধনী-গরিবের বৈষম্য থাকবে না।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইউপি সদস্য মো.জহিরুল ইসলাম বলেন, সংঠনটির পক্ষ থেকে দেড়শ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা এই গুড বন্ডিং অর্গানাইজেশ থেকে শুধু ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, ঈদ সামগ্রী বিতরণ, গরিবদের সন্তানদের বিয়েতে সহযোগিতা, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ, মসজিদ মাদ্রাসা- ওয়াজ মাহফিলে দান, কবরস্থান পরিষ্কার,রাস্তা মেরামতসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে থাকি।
গুড বন্ডিং অর্গানাইজেশনের সভাপতি ডা. আবু সুফিয়ান বলেন, সংগঠনটি ২০১৮ সালে জন্মলাভ করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা প্রতিবছরই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছি। এই মহতী উদ্যাগ বাস্তবায়ন করার জন্য প্রবাসী,চাকুরীজীবি, ব্যবসায়ী ভাইয়েরা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। সংগঠন ও সবার সম্মিলিত সহযোগিতায় সামনের দিনেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামন্ডলী, ইউপি সদস্যগন, স্কুল-কলেজের শিক্ষকগন,সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছবি: চাঁদপুরের মতলব উত্তরে দেড় শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করছে গুড বন্ডিং অর্গানাইজেশন।
মতলব সংবাদ ll নিউজ ডেস্ক