মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ছেংগারচর পৌরসভায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার পোস্ট-ধারী নেতা প্রকাশ্যে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন, বাগানবাড়ী ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, দূর্গাপুর ইউনিয়নসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কার্যক্রম চালানো হয় বলে স্থানীয়রা জানান।
এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, মতলব উত্তরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইফতার বিতরণ কার্যক্রম আমাদেরও দৃষ্টি-গোচর হয়েছে। প্রতিটা ইউনিয়নে ছাত্রদলের সভাপতি/সাধারণ সম্পাদক'কে নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে সর্তক থাকার জন্য। নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় এ ধরনের কর্মসূচি পরিচালনা করা আইন ও রাষ্ট্রের সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা। মতলবের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা প্রচারণা চলতে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে এলাকায় কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমন কোনো ঘটনা ঘটে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতলব সংবাদ ll নিউজ ডেস্ক